আদম ব্যবসায়ীর প্রতারণার ফাঁদে চার তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে উচ্চ বেতনে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক আদম ব্যবসায়ী চার তরুণের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই আদম ব্যবসায়ীর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়। এই বিষয়ে ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ করেও ভুক্তভোগীরা টাকা ফেরত পাননি।
প্রতারণার শিকার ওই চার তরুণ হলেন নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর গ্রামের আবদুল মান্নান, চকরামপুর গ্রামের রবিউল ইসলাম, চণ্ডীপুর গ্রামের দুলাল হোসেন ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের গোলাম রব্বানী।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার ছাতনী পাল্লাপাড়ার বাসিন্দা সাফি হোসেন বিভিন্ন লোকজনের মাধ্যমে আবদুল মান্নান, রবিউল ইসলাম, দুলাল হোসেন ও গোলাম রব্বানীর কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে ২০ লাখ টাকা নিয়েছেন। কিন্তু কেউই বিদেশে গিয়ে চাকরি করতে পারেননি।
লিখিত অভিযোগ থেকে আরও জানা গেছে, সাফি ২০১১ সালের জুলাই মাসে মান্নান, রবিউল ও দুলালকে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে চাকরি করার জন্য পাঠিয়ে দেন। কিন্তু সেখানে গিয়ে তাঁরা ওই কোম্পানির অস্তিত্ব খুঁজে না পেয়ে বিপাকে পড়েন। এই সময় তাঁরা সাফি হোসেনের সঙ্গে যোগাযোগ করে কোনো প্রকার সহায়তা পাননি। ডিসেম্বর মাসে তাঁরা দেশে ফিরে আসেন। এর পর থেকেই তাঁরা সাফির কাছে টাকা ফেরত চাইতে থাকেন। কিন্তু তিনি টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করেন। পরে আবদুল মান্নানের ছোট ভাই সামিদুল টাকা ফেরত পাওয়ার জন্য গত বছরের মে মাসে সান্তাহার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করেন।
সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, যাঁদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছিল, তাঁরা আদালতে উপস্থিত হননি। এই কারণে আবেদনকারীকে আইনের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সামিদুল ইসলাম জানান, এ বিষয়ে আদমদীঘি থানায় ওই সময় অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই থানার উপপরিদর্শক আবদুস সালাম গত বছরের ৩১ মে ওই আদম ব্যবসায়ীকে নোটিশও দিয়েছিলেন। পরে অজ্ঞাত কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।
প্রতারণার শিকার হওয়া রবিউল ইসলাম বলেন, ‘ওই আদম ব্যবসায়ীর কাছ থেকে টাকা উদ্ধারের জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু টাকা ফেরত পাচ্ছি না।’
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজামেঞ্চল হক জানান, বিষয়টি তাঁকে জানানো হয়নি। এই কারণে তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি।
আদম ব্যবসায়ী সাফি হোসেন দাবি করেন, ‘ওই তিনজনকে আমি বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু তাঁরা সেখানে কাজ করতে না পেরে দেশে চলে এসেছেন এবং এখন আমার কাছে টাকা ফেরত চাইছেন। তাঁদের বিদেশে পাঠাতে টাকা খরচ হয়েছে। এখন ওই টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। আমি গোলাম রব্বানীর টাকা আস্তে আস্তে ফেরত দিয়ে দেব।’