আদম ব্যাপারীর নির্যাতনে মৃত্যুর অভিযোগ
আদম ব্যাপারীর হাতে নির্যাতনের শিকার হয়ে জাফর মণ্ডল (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কালীনগর গ্রামে।জাফরের চাচা বদিউর রহমান বলেন, দুবাই যাওয়ার জন্য জাফর রাজবাড়ীর কালুখালী উপজেলার কাউয়াখোলা গ্রামের মো. সবুজ ও মো. আজাদ নামের দুই আদম ব্যাপারীকে কয়েক মাস আগে দুই লাখ ৪০ হাজার টাকা দেন। প্রশিক্ষণ দেওয়ার কথা বলে তাঁরা জাফরকে রাজবাড়ী যেতে বলেন। জাফর গত শুক্রবার সেখানে যান। তাঁকে ওই শহরের বালিয়াকান্দি এলাকা থেকে মঙ্গলবার গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর মাথায় আঘাত ছিল।এ ব্যাপারে জানতে মো. আজাদের মুঠোফোনে গতকাল বিকেল চারটার দিকে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক জানতে পেরে ‘রং নম্বর’ বলে ফোন রেখে দেন।