আদমজী ইপিজেডে জুয়েলারি কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (এইপিজেড) ভারতীয় কোম্পানির মালিকানাধীন একটি জুয়েলারি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানার কয়েকজন শ্রমিক ও পুলিশ জানায়, আদমজী ইপিজেডে অবস্থিত রেনেসাঁ জুয়েলার্সে প্রায় আড়াই শ শ্রমিক কাজ করেন। তাঁরা কয়েক দিন ধরেই চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছিলেন কারখানা কর্তৃপক্ষের কাছে। এ নিয়ে তাঁরা ক্ষুব্ধ ছিলেন। এ অবস্থায় গতকাল বুধবার সকালে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) সাজ্জাদ হোসেন পদ থেকে সরে দাঁড়ান। মালিকপক্ষের চাপের কারণে তিনি পদত্যাগ করেছেন—এমন খবরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা সাজ্জাদ হোসেনকে পুনর্বহালের এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিকেল তিনটার দিকে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন। ইপিজেডে অবস্থিত নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিচালক মাহাবুবুল আলম জানান, বিকেলে কারখানা ছুটি দেওয়া হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।