নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের সমর্থক দুই নেতা ও তাঁদের লোকজন সাধারণ ঠিকাদারদের বাধা দিচ্ছেন। এ ব্যাপারে ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান ২৪ ফেব্রুয়ারি আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক ও পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত ঠিকাদারেরা কোনো প্রতিকার পাননি।
আওয়ামী লীগের ওই দুই নেতা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান ওরফে সুন্দর মতি। তাঁরা দুজনই শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হত্যাসহ বিভিন্ন অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলার আসামি এ দুই নেতা বর্তমানে জামিনে মুক্ত আছেন।
আদমজী ইপিজেড সূত্র জানায়, ২০০১ সালের ৩০ জুন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে লোকসানের অজুহাতে দেশের বৃহত্তম শিল্প কারখানা আদমজী জুট মিল বন্ধ করে দেওয়া হয়। ওই কারখানার ৩০০ একর জমির মধ্যে ২৯৩ একর জমিতে ইপিজেড গড়ে তোলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা। আদমজী ইপিজেডের ৩০৭টি শিল্প প্লটের মধ্যে ২৩৪টি প্লট বিক্রি হয়েছে। প্রতিটি প্লট দুই হাজার বর্গমিটার করে। এসব শিল্প প্লটে ইতিমধ্যে ৪১টি কারখানা গড়ে তুলেছে চীন, কোরিয়া, জাপান, ফ্রান্স, পর্তুগালসহ বিভিন্ন দেশ। এসব কারখানায় প্রায় ৩৩ হাজার শ্রমিক কাজ করেন। ইপিজেডের বিভিন্ন কারখানায় নির্মাণসামগ্রী, খাবার, মনিহারি দ্রব্য, শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী সরবরাহ ও শ্রমিকদের যাতায়াতে পরিবহন সরবরাহ করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া বিভিন্ন কারখানার পরিত্যক্ত বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এ জন্য প্রতিটি কারখানার তালিকাভুক্ত ঠিকাদার রয়েছে।
এই ঠিকাদারদের মধ্যে মেসার্স মমতাজ এন্টারপ্রাইজ (কদমতলী উত্তর), মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজ (সিদ্ধিরগঞ্জ পুল), মেসার্স বুশরা এন্টারপ্রাইজ (এসও রোড, সুমিলপাড়া), মেসার্স একতা এন্টারপ্রাইজ (কদমতলী দক্ষিণপাড়া), মেসার্স মারুফ ট্রেডিং করপোরেশন, এসও রোড, সুমিলপাড়া) ও মেসার্স মমতাজ ট্রেড জোনের (কদমতলী উত্তরপাড়া) স্বত্বাধিকারীরা আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারির পর থেকেই নূর হোসেন ও মতি গ্রুপের ১৫০ থেকে ২০০ সশস্ত্র ক্যাডার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদমজী ইপিজেডের প্রধান গেট ও ভেতরে অবস্থান করে। সশস্ত্র সন্ত্রাসীরা সরবরাহকারী বিভিন্ন ঠিকাদার ও তাঁদের লোকজনকে ইপিজেডে ঢুকতে বাধা দিচ্ছে। তারা ইতিমধ্যে কয়েকজন ঠিকাদার ও তাদের কর্মচারীদের ইপিজেডের গেটে মারধর করে তাড়িয়ে দিয়েছে।
তাদের ভয়ে ঠিকাদারেরা ইপিজেডে ঢুকতে সাহস পাচ্ছে না। মূলত সরবরাহ ব্যবসার ঠিকাদারির নিয়ন্ত্রণ নিতে নূর হোসেন ও মতি গ্রুপ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক মেহবুব আলী প্রথম আলোকে বলেন, ‘যা কিছু ঘটছে, তা ইপিজেডের গেটের বাইরে। ভেতরে কোনো অঘটন ঘটেনি। ইপিজেডের গেটের বাইরে সংঘটিত যেকোনো ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে পড়ে। সরবরাহকারী ঠিকাদারদের অভিযোগ বেপজার নির্বাহী চেয়ারম্যানের কার্যালয়কে জানানো হয়েছে।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, ইপিজেড এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যুবলীগের নেতা মতিউর রহমান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আওয়ামী লীগের নেতা কাউন্সিলর নূর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।