আদমজী ইপিজেডে দুটি কারখানায় শ্রমিক অসন্তোষ, আহত ২০
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে রপ্তানিমুখী দুটি শিল্প-কারখানায় গতকাল বুধবার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। ্রপ্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদমজীতে ইপিক-৩ কারখানার অপারেটর শারমিন গতকাল সকালে কাজের সময় মুঠোফোন ব্যবহার করায় তাঁকে গালাগাল করেন কারখানার লাইন চিফ মিজান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মিজান উত্তেজিত হলে অন্য শ্রমিকেরা এর প্রতিবাদ জানান। এ সময় কারখানার মালিকপক্ষের লোকজন এসে শ্রমিকদেরওপর তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় ইপিক-৩ ও ইপিক-১-এর শ্রমিকেরা কর্মবিরতি শুরু করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। দুপুরে পৌনে ১২টার দিকে মালিকপক্ষের লোকজন বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কারখানার দুজন উৎপাদন ব্যবস্থাপক (পিএম) গঙ্গা বাবু ও শেখ শওকত, সহকারী উৎপাদন ব্যবস্থাপক রাজীব হোসেন, কোয়ালিটি ম্যানেজার সুভাষ বাবু, ফ্লোর লাইন সুপারভাইজার জামান, শ্রমিক রিনু বেগম, নুরুল হক, আবুল কালাম। শিল্প পুলিশ জোন-৪-এর পুলিশ সুপার মাহাবুবুল আলম জানান, ঘটনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। শ্রমিকেরা দুপুর দেড়টায় আবারও কাজে যোগ দিয়েছেন।