আদমজী ইপিজেডে নারী শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি রপ্তানিমুখী কারখানায় ডালিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সিনহা গ্রুপের সুপ্রিম সঞ্চার্ট নিটওয়্যার কারখানায় এই মৃত্যুর ঘটনার পরপরই কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
জানা যায়, ওই কারখানায় দুই হাজার ১৪ জন শ্রমিক কাজ করেন। অপারেটর ডালিয়া সকাল নয়টায় কারখানার মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে উদ্ধার করে শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সকাল ১০টায় এই খবর কারখানায় ছড়িয়ে পড়লে আতঙ্কে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কারখানার শ্রমিকেরা জানান, কারখানায় সরবরাহ করা পানি পান করায় অসুস্থ হয়ে পড়েন এই শ্রমিকেরা। তবে হাসপাতালের সুপার শফিউল আলম জানান, অসুস্থ শ্রমিকদের রক্তচাপ ঠিক আছে। তাঁরা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। ডালিয়ার লাশ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. মেহবুব আলী জানান, ডালিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। কারখানায় এসে আরও অসুস্থ হয়ে পড়লে তিনি মারা যান। এ খবরে অন্য শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে গেছেন। কী কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ে ছিলেন তা পরীক্ষা করে দেখা হচ্ছে।