আদমজী ইপিজেডে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে অবস্থিত সুপার প্রডাকটিভ স্যুজ (প্রা.) লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শ্রমিক নেতা সুমন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব ইসমাইল, সংগঠনের জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, হাছান মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ৬ সেপ্টেম্বর সুপার প্রডাকটিভ স্যুজ (প্রা.) লিমিটেড কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিক কর্তৃপক্ষ। এতে শ্রমিকেরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। শ্রমিকেরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা চালুর দাবিতে বারবার প্রশাসনের কাছে আবেদন জানালেও প্রশাসন ও মালিক কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে আসছে। ফলে শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। নেতারা শ্রমিকদের আগস্ট মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা অবিলম্বে চালুর দাবি জানান।