আদমজী ইপিজেডে বয়লার বিস্ফোরণে ৩ নারীসহ আহত ১৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত একটি বিদেশি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে তিন নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিল্প পুলিশ-৪-এর পরিচালক মাহবুব আলম জানান, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত হংকংয়ের মালিকানাধীন পোশাক কারখানা ইপিক গার্মেন্টসে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করেন। ওই কারখানার শ্রমিকদের দুপুরের খাবার রান্না করা হয় বয়লার (জলীয় বাষ্প) দিয়ে। গতকাল দেড়টার দিকে আকসিঞ্চকভাবে রান্নাঘরের বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কারখানার রান্নাঘরের বিভিন্ন অংশের ক্ষতি হয়। এ সময় পাশেই ক্যানটিনে কারখানার শ্রমিকেরা দুপুরের খাবার খাচ্ছিলেন। বিস্ফোরণে তিন নারী শ্রমিকসহ ১৫ জন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। বয়লারের কোনো লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।