আদমজী ইপিজেডে শ্রমিক হত্যার গুজবে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে শ্রমিক হত্যার গুজবকে কেন্দ্র করে গতকাল বুধবার একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, গতকাল সকালে আদমজী ইপিজেডের ডিএনভি ক্লোথিং লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তাঁরা কারখানার ভেতরে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পান। এতে শ্রমিকেরা ধারণা করেন, কোনো শ্রমিককে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শ্রমিকদের মধ্যে শ্রমিক হত্যার গুজব ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ ও কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) আকবর হোসেনের অপসারণ দাবি করেন। খবর পেয়ে পুলিশ ও আদমজী ইপিজেডের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপক মেহেবুব আলী সাংবাদিকদের বলেন, সকালে শ্রমিকেরা কারখানার ভেতরে রক্ত দেখে শ্রমিক নির্যাতন বা হত্যার গুজবে বিক্ষোভ করতে থাকেন। তবে ধারণা করা হচ্ছে, কেউ আতঙ্ক সৃষ্টি করতে অন্য কোনো জীবজন্তুর রক্ত ফেলে রাখতে পারে। এ ব্যাপারে ওই কারখানার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেন, শ্রমিক হত্যার কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে কেউ আতঙ্ক সৃষ্টি করতে রক্ত ফেলে রাখতে পারে।