আদমজী নামে কোনো পাটকল চালু করা যাবে না: পাটমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমজী নামে কোনো পাটকল আবার চালু করা যাবে না। তাই সরকার ভিন্ন নামে এই পাটকলটি চালুর চিন্তা করছে। বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।আদমজী পাটকল চালু করা প্রসঙ্গে পাটমন্ত্রী বলেন, ‘আমাদের বৈদেশিক ঋণ দরকার। কিন্তু দাতাদের অসন্তুষ্ট করে কোনো ঋণ পাওয়া যাবে না। খালেদা-নিজামী সরকার বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের বিদায় করেছিল। ওই চুক্তিতে বলা হয়েছিল, এই শ্রমিকদের আর চাকরি দেওয়া যাবে না। আদমজী নামেও কোনো পাটকল চালু করা যাবে না।লতিফ সিদ্দিকী বলেন, রপ্তানি আয়ের দিক থেকে তৈরি পোশাকশিল্পের পর দ্বিতীয় বৃহত্তম খাত এখন পাট। সরকার পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে কাজ করছে। কৃষকেরা পাটের ন্যায্যমূল্য পাচ্ছে। প্রতি মণ পাট এখন দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।মন্ত্রী বলেন, ১৯৭৮ সালে পাটশিল্প ধ্বংসের প্রক্রিয়া শুরু করেন জিয়াউর রহমান। সে সময় থেকে পাটকলগুলো বিরাষ্ট্রীয়করণ শুরু হয়। বর্তমান প্রধানমন্ত্রী পাটশিল্প নিয়ে খুবই আগ্রহী। তাই পাটশিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, বাংলাদেশের একজন বিজ্ঞানী পাটের জিন-নকশা আবিষ্কার করেছেন। পাট নিয়ে নানা ধরনের গবেষণা চলছে।মন্ত্রী জানান, এ বছর ৬৫ থেকে ৭০ লাখ বেল পাট উৎপাদন হয়েছে। আগামী বছর ৮০ লাখ বেল পাট উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। পাট পচানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি মেশিন বের করেছি। এটির দাম এক হাজার টাকা। এটি দিয়ে খুব সহজে পাটের আঁশ বের করা যাবে।’সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল সিরাজগঞ্জের কওমী জুট মিল ১১ ডিসেম্বর চালু হচ্ছে। সেদিন প্রধানমন্ত্রী নতুনভাবে এর উদ্বোধন করবেন। তবে সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর ওই দিনের সফর স্থগিত হওয়ার বিষয়ে রাতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘কওমী জুট মিলের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সময় পাওয়া সাপেক্ষে খুব শিগগির এটি চালু করা হবে।সংবাদ সম্মেলনে লতিফ সিদ্দিকী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ক্রমেই তুলার দাম বাড়ছে। ফলে সুতার দামও বাড়ছে। আমরা যদি দেশে চাহিদামতো তুলা উৎপাদন করতে পারতাম তাহলে এ সমস্যা হতো না।’ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রধানমন্ত্রী যা বলেছেন, তাঁর সঙ্গে আমি পুরোপুরি একমত পোষণ করছি।’ঢাকা সেনানিবাসে খালেদা জিয়ার বাড়ি প্রসঙ্গে পাটমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী এখন নিজেকে উদ্বাস্তু দাবি করছেন। আসলে তিনি তো কেবল উদ্বাস্তু নন, উদ্বাস্তুদের নেতা। কারণ তাঁর দলে বিভিন্ন জায়গা থেকে আসা উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছেন।বস্ত্র ও পাট সচিব সৈয়দ আশরাফুল মকবুল, বিজেএমসির চেয়ারম্যান টি ডি মিত্র, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল আলম, তাঁত বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার ও বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান সিতাংশু সেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।