আদমজীতে দেয়াল ধসে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে গতকাল সোমবার দুপুরে দেয়াল ধসে জাহাঙ্গীর আলম নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। জাহাঙ্গীর সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার রফিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আদমজী ইপিজেডে ফ্যাশন সিটি নামে পোশাক কারখানার ডাইং ইউনিটের ইটিপি প্ল্যান্টের বর্জ্য পরিষ্কারের কাজ করছিলেন ঠিকাদারের নিযুক্ত বহিরাগত শ্রমিকেরা। শিল্পবর্জ্যগুলো একটি দেয়ালের পাশে স্তূপ করে রাখার সময় হঠাৎ দেয়াল ধসে তিন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে দুজনকে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা জাহাঙ্গীর আলমকে মৃত বলে ঘোষণা করেন। অন্য শ্রমিক মানিকের অবস্থার গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।