আদমজীসহ বন্ধ পাটকলগুলো খোলার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমজীসহ বন্ধ পাটকলগুলো খুলে দেওয়াসহ বিভিন্ন দাবি জানিয়েছে নাগরিক সংহতি নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। ২০০২ সালের ৩০ জুন এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী জুট মিলস বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রায় ৩২ হাজার শ্রমিক চাকরি হারান। সে দিনটির স্মরণে গতকাল এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ৩২টি তালা হাতে নিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, আদমজীসহ দেশের বিভিন্ন পাটকল বন্ধ থাকায় অনেক শ্রমিক এখন চাকরিহারা। অনেকেই অসহায় দিনাতিপাত করছে। বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত অনেক প্রতিষ্ঠান আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। কিন্তু সেসব প্রতিষ্ঠান তো বন্ধ করে দেওয়া হয়নি। বন্ধ করা সমস্যার সমাধান হতে পারে না। বক্তারা আরও বলেন, ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সংসদে বলেছেন, আদমজী পাটকল আবার চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ হয়নি। বক্তারা অবিলম্বে আদমজীসহ বন্ধ পাটকল খুলে দেওয়া, পাটপণ্য ব্যবহার আইন কার্যকর করাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। সমাবেশে জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ, শ্রমিক নেতা লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন। নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সমাবেশে সভাপতিত্ব করেন।