আদমদীঘিতে আমনখেতে পোকার আক্রমণ
বগুড়ার আদমদীঘি উপজেলায় আমনখেতে মাজরা ও ঘাসফড়িং পোকার আক্রমণ এবং লিফ ব্লাইট (পাতা মরা) রোগের প্রকোপ দেখা দিয়েছে। রোগ প্রতিরোধ করতে ও পোকার আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়ে কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।কৃষকেরা জানান, উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌর এলাকার মাঠের অধিকাংশ জমিতে এসব পোকা আক্রমণ করেছে।উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া, দমদমা ও কাশিমিলা গ্রামে সরেজমিনে গিয়ে অধিকাংশ আমন খেতে পোকার আক্রমণ লক্ষ করা গেছে।কৃষি কর্মকর্তারা পোকার আক্রমণ এবং পাতা মরা রোগ প্রতিরোধের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন। তাঁরা জানান, পোকার আক্রমণ ঠেকাতে জমিতে বেশি করে পটাশ ও জিপসাম ব্যবহার করতে হবে। একই সঙ্গে কৃষি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে জমিতে পরিমাণমতো কীটনাশক ব্যবহার করতে হবে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। মৌসুমের মাঝামাঝি সময় টানা খরার কারণে পানির অভাবে ধানের জমি শুকিয়ে ধানগাছের ব্যাপক ক্ষতি হয়। পরে আশ্বিনের শুরু থেকে বৃষ্টিপাত শুরু হলে ধানগাছ সতেজ হয়ে ওঠে। কিন্তু হঠাৎ ধানখেতে ব্যাপক হারে পোকার আক্রমণ শুরু হয়। কৃষকেরা পোকা নিধনে দানাদার ও তরল কীটনাশক জমিতে ব্যবহার করতে শুরু করেন। কিন্তু কোনো কাজ হয়নি।উপজেলার দমদমা গ্রামের কৃষক রোস্তম আলী জানান, রণজিৎ স্বর্ণা ধানে পোকার আক্রমণ সবচেয়ে বেশি। একই জমিতে একাধিকবার কীটনাশক দিয়েও পোকা দমন করা যাচ্ছে না।দমদমা গ্রামের আরেক কৃষক আমজাদ হোসেন মল্লিক জানান, রণজিৎ স্বর্ণার পাশাপাশি পাইজাম ধানেও ব্যাপক হারে পাতা মরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।অন্তাহার গ্রামের কৃষক মজিবর রহমান বলেন, যেসব কৃষক দানাদার কীটনাশক ব্যবহার করেছেন, তাঁরাই বেশি ক্ষতির শিকার হয়েছেন। তরল কীটনাশক ব্যবহার করে আংশিক ফল পাওয়া গেছে।কৃষক শফির উদ্দিন জানান, এ মৌসুমে তিনি প্রায় পাঁচ একর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চাষ করেছেন। তাঁর জমির ধানগাছে মাজরা পোকা আক্রমণ করেছে এবং একই জমিতে পাতা মরা রোগ দেখা দিয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিটি ব্লক নিয়মিত পরিদর্শন করছেন এবং পোকা নিধনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে পোকার আক্রমণ বেশি দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূলে এলে ধীরে ধীরে পোকার আক্রমণ কমে যাবে।