আদমদীঘিতে খুরারোগের প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে গরুর খুরারোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দুই দিনে উপজেলার সান্তাহার পৌরসভার পোওতা গ্রামে একই বাড়ির চারটি গরু মারা গেছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে পোওতা গ্রামে আরও শতাধিক গরু খুরারোগে আক্রান্ত হয়েছে। পোওতা গ্রামের বাসিন্দা মনসুর আলী জানান, গত রবি ও সোমবার তাঁর সহোদর দুই ভাই মোজাম্মেল ও মন্টুর চারটি গরু খুরারোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ছাড়া বর্তমানে তাঁদের আরও ছয়টি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। একই গ্রামের সেকেন্দার আলীর পাঁচটিসহ আরও কয়েকজনের বেশ কয়েকটি গরু আক্রান্ত হয়েছে। এদিকে গরুর খুরারোগের প্রকোপ ছড়িয়ে পড়ার কারণে পোওতাসহ উপজেলার অন্যান্য গ্রামে গরুর মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কোনো তৎপরতা নেই বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।এ ব্যাপারে বগুড়া জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা বজলুর রশিদ বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।