আদমদীঘিতে খুরারোগের প্রকোপ, ভ্যাকসিন সংকট
বগুড়ার আদমদীঘি উপজেলার গবাদিপশুর খুরারোগের প্রকোপ দেখা দিয়েছে। এই রোগে চলতি সপ্তাহে পাঁচটি গরু মারা গেছে, আক্রান্ত হয়েছে ১০-১২টি গ্রামের কয়েক শ গরু। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে খুরারোগের ভ্যাকসিন না পেয়ে প্রতিদিন ফিরে যাচ্ছেন অনেক কৃষক।গত বছর চৈত্র মাসে খুরারোগে আদমদীঘিতে শতাধিক গবাদিপশু মারা যায়। তাই এ বছর একই সময়ে এ রোগের প্রকোপ দেখা দেওয়ায় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় এক লাখ ৩২ হাজার গবাদিপশু রয়েছে। এর মধ্যে অধিকাংশ কৃষকদের। খামারিরা তুলনামূলকভাবে সচ্ছল এবং সচেতন হওয়ায় তাঁরা সময়মতো বাজার থেকে ভ্যাকসিন কিনে তাঁদের গবাদিপশুকে দিয়েছেন। কিন্তু এখন এ রোগ দেখা দেওয়ায় কৃষকেরা ভ্যাকসিনের জন্য প্রাণিসম্পদ কার্যালয়ে দৌড়ঝাপ শুরু করছেন। আদমদীঘির গোড়গ্রাম, বড় আখিরা, ছোট আখিড়া, পোঁওতা, বনতৈর, পুশিন্দা, জিনইর, হলুকঘর, কুন্দগ্রাম ও এর আশপাশের এলাকায় খুরারোগ দেখা দিয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক এলাকায় খুরারোগ দেখা দেওয়া এবং ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তাঁর কার্যালয় থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।