আদমদীঘিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার পান্ডারপাড়া গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম হাওয়া বানু (২৫)। ঘটনার পর থেকে স্বামী এনামুল হক ও তাঁর বাড়ির লোকজন পলাতক। পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের পান্ডারপাড়া গ্রামের এনামুল হকের (৩০) সঙ্গে সাত বছর আগে একই উপজেলার তারতা গ্রামের হাওয়া বানুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এনামুল প্রায়ই হাওয়াকে মারধর করতেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। তাঁদের সংসারে হালিম ও সাঞ্জিদা নামের দুটি শিশুসন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, গত রোববার বিকেলেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে এনামুল উত্তেজিত হয়ে হাওয়াকে বেদম মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। কিন্তু প্রকৃত ঘটনা জানাজানি হয়ে গেলে এনামুল ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়। পুলিশ হাওয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৃহবধূর ভাই আয়েন উদ্দীন থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে ইউডি (অপমৃত্যু) মামলা করেছে বলে অভিযোগ উঠেছে।আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, নিহতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া গেলে অবশ্যই হত্যা মামলা হবে।