আদমদীঘিতে টিআরের গম পেল এনজিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট রিলিফ বা টিআর প্রকল্পের গম মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু বগুড়ার আদমদীঘিতে একটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকে (এনজিও) ওই বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সাংসদ ওই বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাংসদ আবদুল মোমেন তালুকদারের নামে ৩০০ মেট্রিক টন গম বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ১৮৫ মেট্রিক টন গম তিনি নিজ উপজেলা আদমদীঘির বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেন। পাশাপাশি তিনি সান্তাহার শহরে অবস্থিত বিএনপি কর্মী আজমল হোসেন ওরফে মুক্তারের ‘দিগন্ত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’ সমিতিকে সংস্কার প্রকল্পের নামে তিন মেট্রিক টন গম বরাদ্দ দেন। ওই প্রতিষ্ঠানের নামে বরাদ্দ পাওয়া গম ইতিমধ্যে উত্তোলন করে নিয়েছেন বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানের পরিচালক আজমল হোসেন। তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীদের মধ্যে ঋণ দেওয়া হয়।’ এ ধরনের প্রতিষ্ঠানকে টিআরের বরাদ্দ দেওয়া নীতিমালাবহির্ভূত কি না, জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এ হায়াত প্রথম আলোকে বলেন, ‘মাননীয় সাংসদ আমাকে যে তালিকা দিয়েছেন সে অনুযায়ী গম বরাদ্দ দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে সাংসদ আবদুল মোমিন তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।