আদমদীঘিতে ট্রেনে হামলা, লুটপাট
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর ট্রেনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে জাতীয় পার্টির সমর্থকেরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন ট্রেনের পরিচালক আবদুল মালেক ও টিকিট কালেক্টর আরাফাত হোসেন। তাঁদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটার চোরাচালানির ইজারাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
ট্রেন পরিচালক আবদুল মালেক জানান, রাত পৌনে আটটার দিকে আন্তঃনগর তিতুমীর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ার জন্য বাঁশি দেওয়া হয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক সন্ত্রাসীর একটি দল ট্রেনে হামলা করে। তাঁরা ট্রেনের ভিতরে ঢুকে যাত্রীদের মালামাল লুট শুরু করে এবং ট্রেনের হুস পাইপ খুলে ফেলে। তিনি বলেন, হামলা ও লুটপাটে বাধা দিলে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর হাতের দুটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে ট্রেনের টিকিট কালেক্টর আরাফাত হোসেনও হামলার শিকার হন।
আবদুল মালেক বলেন, ঘটনার এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী সান্তাহার জংশন ষ্টেশন এলাকায় লাঠিসোটা নিয়ে উপস্থিত হয়ে জাতীয় পার্টির সমর্থকদের ধাওয়া করে স্টেশন এলাকা দখল নেয়।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি ষ্টেশন এলাকায় ছিলেন না। তবে ঘটনা জানার পর পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আদমদীঘি থানা জাতীয় পার্টির সভাপতি নাজির হোসেন মিলন সাংবাদিকদের জানান, এ ঘটনার সঙ্গে জাতীয় পার্টির কেউ জড়িত নয়।
একটি অসমর্থিত সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে জিআরপি পুলিশ চোরাচালানী রুটের ইজারা আওয়ামী লীগ নেতা-কর্মীদের দিয়েছেন—এ সংবাদ প্রচার হওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।