আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে গত রোববার রাতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসীর হাতে চারটি ছোরাসহ ধরা পড়েছে ডাকাত দলের দুজন সদস্য। এ সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাত দলের অন্য সদস্যরা। গ্রামবাসী দুই ডাকাতকে আদমদীঘি থানায় সোপর্দ করেছে।গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলো আদমদীঘির জিনইর গ্রামের জিল্লুর রহমান (২৮) এবং নওগাঁ সদর উপজেলার শৈলগাছি গ্রামের স্বপন (৩২)। পুলিশ ও গ্রামবাসী জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে একদল ডাকাত অস্ত্র নিয়ে উপজেলার পাইকপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসী তাদের ঘিরে ফেলে এবং দুই ডাকাতকে একটি ব্যাগসহ আটক করে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে অন্য ডাকাতেরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। আটক ডাকাতদের আদমদীঘি থানায় সোপর্দ করেছে গ্রামবাসী।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আটক ডাকাতদের কাছ চারটি বড় ছোরা এবং ডাকাতির সরঞ্জাম পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের এবং ওই দুই ডাকাতকে গতকাল সোমবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে।