আদমদীঘিতে তিন ফসলি জমিতে ইটভাটা
পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে লাইসেন্স না নিয়েই বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের পাশের একটি তিনফসলি জমিতে ইটভাটা তৈরি করা হচ্ছে। এতে ওই ভাটার ধোঁয়ায় এ উপজেলা ও এর আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।আদমদীঘি উপজেলার পোঁওতা, বশিপুর, খয়রাবাদ, বাগবাড়ী, হারদাম ও অন্তাহার এবং নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া, খাগরকুড়ি ও মঙ্গলপুর গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, সান্তাহার শহরের বাসিন্দা আখতারুজ্জামান বশিপুর ও খাগরকুড়ি মৌজায় প্রায় ১০ একর জমিতে একটি ইটভাটা তৈরির কাজ শুরু করেছেন। এ জমিতে আমন, বোরো ও রবিশস্যর আবাদ করা হয়। ভাটা তৈরি বন্ধের ব্যাপারে মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু আজও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি।নওগাঁ সদর উপজেলার খাগরকুড়ি গ্রামের কৃষক দুলাল হোসেন জানান, ভাটার পাশে তাঁর শ্যালো ইঞ্জিনচালিত স্কিম রয়েছে। এ স্কিমের আওতায় প্রায় ১০০ বিঘা জমিতে ধান চাষ হয়ে থাকে। কিন্তু নতুন ইটভাটার কারণে এসব জমিতে ধানের উৎপাদন অনেক কমে যাবে।আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল বলেন, ইটভাটা তৈরির কারণে ফসলের যে কী পরিমাণ ক্ষতি হয়, তা হিসাব করে বোঝান যাবে না। প্রতিবছর ইট তৈরির জন্য ভাটার মালিকেরা ফসলি জমির ওপরের অংশের মাটি কেটে নিয়ে আসছেন। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক বলেন, ‘ওই বিষয়ে এলাকাবাসী আমার কাছে দরখাস্ত দিক। আমি বিষয়টি তদন্ত করার ব্যবস্থা করে ভাটার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’আখতারুজ্জামান বলেন, ‘ভাটা তৈরির কাজ শুরুর আগে আমি বগুড়া পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছি। পরিবেশ অধিদপ্তর ভাটা তৈরির স্থান পরিদর্শন করে আমাকে এর অবকাঠামো তৈরির অনুমতি দিয়েছে। তবে এখনো তারা লাইসেন্স দেয়নি।’