আদমদীঘিতে তিন বছরে ৬৬ জনের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গত বছর ২৪ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। আর গত তিন বছরে আত্মহত্যা করেছেন ৬৬ জন। যৌতুক, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, প্রেমঘটিত ঘটনা, নারী নির্যাতনসহ বিভিন্ন কারণে আত্মহত্যার ঘটনা বেড়েছে বলে অনেকে জানিয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ওই ২৪ জন বিষপান ও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ছাড়া আরও ৯৮ জন আত্মহত্যার চেষ্টা চালান। ২০১২ তে আত্মহত্যার চেষ্টা চালান ৬৫ জন; আত্মহত্যা করেন ২০ জন। ২০১১ সালে আত্মহত্যার চেষ্টা করেন ৫৩ জন; আত্মহত্যা করেন ২২ জন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই বছরের জানুয়ারিতে মুরাদপুর গ্রামের আবদুস ছাত্তার (৪৫), ফেব্রুয়ারিতে উজ্জ্বলতা গ্রামের রাজিয়া বেগম (২০), কুন্দগ্রামের হাসান আলী (১৫) ও দক্ষিণ গনিপুর গ্রামের কাজলী বেগম (২২), মার্চে শালগ্রামের ইনতু নাহার (২০), হাউসপুর গ্রামের শান্তনা বিবি (২২) ও পুশিন্দা গ্রামের রূপসী রানী (২৩), এপ্রিলে কুসুম্বী গ্রামের জাকির হোসেন (২৪), ডহরপুর গ্রামের স্বপ্না বিবি (২০) ও জিনইর গ্রামের ছামেনা বিবি (২১), মে মাসে করজবাড়ী গ্রামের তানজিলা বেগম (১৯), জুনে হলুদঘর গ্রামের রুমা বেগম (২৬), জুলাইয়ে চাটখইর গ্রামের রবিউল ইসলাম (২২), সান্তাহার ইয়ার্ড কলোনির বেগম (৪০), কায়েতপাড়ার মোছেদা বেগম (৬৫), ভাটহালী গ্রামের সুমন চন্দ্র (২৫) ও দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের নুরুন্নবী (৭০), আগস্টে ছোট আখিড়াগ্রামের মুন্নি খাতুন (১৪) ও সুদিন গ্রামের মাসুদ (১১), সেপ্টেম্বরে বিনাহালী গ্রামের আনোয়ারা বেগম (২৮) ও তেঁতুলিয়া গ্রামের তোফাজ্জল হোসেন (৪১), অক্টোবরে সান্তাহার পৌওতা গ্রামের জামিল (২০), নভেম্বরে ভেনলা গ্রামের খোরশেদ (৪৬) ও বশিপুর গ্রামের ঊর্মি আরা (১৪) আত্মহত্যা করে।
এ ছাড়া জানুয়ারিতে আট, ফেব্রুয়ারিতে আট, মার্চে ১০, এপ্রিলে আট, মে মাসে আট, জুনে ১৩, জুলাইতে তিন, আগস্টে ১৩, সেপ্টেম্বরে ১৩, অক্টোবরে তিন, নভেম্বরে আট ও ডিসেম্বরে তিনজন বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা চালান। পরে এসব মৃত্যুর ঘটনায় থানায় মামলাও হয়।
আদমদীঘি উপজেলা ব্র্যাকের লিগ্যাল এইড শাখার সাবেক কো-অর্ডিনেটর বিলকিস বানু জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, প্রেমঘটিত ঘটনাসহ বিভিন্ন কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে যাঁদের কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে তাঁদের বিচার না হওয়ায় এ প্রবণতা আরও বেড়ে যাচ্ছে।
সান্তাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, শহরের চেয়ে গ্রাম এলাকায় আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। তাঁর মতে, অশিক্ষিত ও অনগ্রসর পরিবারের সদস্যরা যৌতুক, একাধিক বিয়েসহ নানা কারণে আত্মহত্যার পথ বেছে নেন। এ কারণে যৌতুক, বাল্যবিবাহের পাশাপাশি আত্মহত্যার বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলা উচিত।
সান্তাহার নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ মোসলেম উদ্দীন জানান, আত্মহত্যার প্ররোচনাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হলে আত্মহত্যার প্রবণতা কমে যাবে।