আদমদীঘিতে তীব্র শীতে মরছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় শীতজনিত রোগে (কোল্ড স্ট্রোক) ব্যাপক হারে পাঙাশ, কই, তেলাপিয়া, দেশি মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে।স্থানীয় মাছচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে মাছের পিঠে শেওলা রঙের ফাঙাস পড়ে এবং পরবর্তী সময়ে আক্রান্ত মাছ ছটফট করতে করতে মরে যায়। চাষিরা বিভিন্ন পুকুর থেকে মরা মাছ তুলে পুকুরপাড়ে বা নির্জন স্থানে পুঁতে ফেলছেন। এ উপজেলায় অর্ধশত মাছের হ্যাচারি রয়েছে। হ্যাচারি-মালিকসহ উপজেলায় মাছচাষির সংখ্যা পাঁচ শতাধিক। মাছের মড়কে কমবেশি সবাই আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। গত এক সপ্তাহে অন্তত ১৫ থেকে ২০ কোটি টাকার মাছ মরে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।উপজেলার কালাইকুড়ি গ্রামের জি এম অ্যাকোয়া মৎস্য খামারের মালিক আবদুল মহিত তালুকদার বলেন, ‘পাঙাশ জাতের আধা কেজি থেকে শুরু করে এর কম ওজনের মাছই বেশি মারা যাচ্ছে। আমার জানা মতে, কোনো চিকিৎসা ও ওষুধই কাজে আসছে না। এ পর্যন্ত আমার প্রায় ৭০ মেট্রিক টন পাঙাশ মাছ মারা গেছে। এতে ক্ষতি হয়েছে কোটি টাকারও অধিক।’সরদার মৎস্য খামারের ব্যবস্থাপক বেলাল হোসেন সরদার বলেন, ‘আমার ৬০ মেট্টিক টনের বেশি পাঙাশ ও থাই কই মারা গেছে। ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি।’ প্রায় একই ধরনের কথা বলেন হ্যাচারি-মালিক ও মাছচাষি রফি আহমেদ, আকতারুজ্জামান, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম খান, আবুল বাসার তালুকদার, বেলাল হোসেন সরদারসহ আরও কয়েকজন।এ ব্যাপারে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রতন কুমার কুণ্ডু বলেন, শীতজনিত রোগে পাঙাশ ও কই মাছে মড়ক ধরেছে। এ দুর্যোগ থেকে উত্তরণের জন্য মাছচাষিদের পুকুরের পানির তাপমাত্রা বৃদ্ধি করাসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। বিষয়টি মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।