পদার্থবিজ্ঞান পরীক্ষার সময়সূচি নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে গত রোববার বগুড়ার আদমদীঘি উপজেলার আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কেন্দ্রসচিবের কক্ষে হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ লাঠিপেটা করলে এক পরীক্ষার্থী আহত হয়। উপজেলার সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রেও একই ঘটনা ঘটে।কর্তব্যে অবহেলার দায়ে দুই কেন্দ্রের ছয় পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে।কেন্দ্র ও পরীক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে নতুন ও পুরোনো নিয়মে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। নতুন নিয়মে সৃজনশীলের জন্য দুই ঘণ্টা, মাঝে ১০ মিনিটের বিরতি দিয়ে আবার ৩৫ মিনিটের বহুনির্বাচনী পরীক্ষা হবে। সব মিলিয়ে পরীক্ষার মোট সময় পৌনে তিন ঘণ্টা। নতুন নিয়ম অনুযায়ী রোববার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে কর্তব্যরত শিক্ষকেরা বহুনির্বাচনী পরীক্ষার নির্ধারিত সময় পর খাতা জমা নিয়ে নিলে পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কেন্দ্রসচিবের কক্ষে হামলা চালায়। এ সময় তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করলে আইপিজে কেন্দ্রে মোস্তাকিন নামের এক পরীক্ষার্থী আহত হয়। এখানকার পরীক্ষার্থীরা জানায়, সৃজনশীল পরীক্ষার পর ১০ মিনিট বিরতির নিয়ম থাকলেও দেওয়া হয় ২০ মিনিট। কিন্তু পরীক্ষা শেষে বাড়তি সময় না দিয়েই উত্তরপত্র জমা নেওয়া হয়। এতে পরীক্ষার্থীরা ক্ষেপে যায়।এ বিষয়ে আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মঞ্জুয়ারা বেগম সাংবাদিকদের বলেন, নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষার্থীরা নতুন নিয়ম বুঝে উঠতে না পারায় এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুর জানান, কর্তব্যে অবহেলার দায়ে দুটি কেন্দ্রের ছয় পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অব্যাহতি পাওয়া পরিদর্শকদের নাম প্রকাশে অস্বীকৃতি জানান ইউএনও।