আদমদীঘিতে দুটি ডাকাতির মামলায় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সান্তাহারে দুটি ডাকাতির ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার রাতে পেশাদার এক ডাকাতসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কুসুম্বী গ্রামের ফয়সাল হোসেন ওরফে পিন্টু (২৫), কাজীপুর গ্রামের মুকুল ওরফে ছায়ফুজ্জামান (৪০) পালোয়ানপাড়া গ্রামের তৈয়বুর রহমান (২০) ও হবিবর রহমান (৫০) এবং তারাপুর গ্রামের আলী হোসেন (৩০)। আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়৷ এদের মধ্যে ফয়সাল হোসেন পেশাদার ডাকাত৷ অন্যরা সন্দেহভাজন৷ তবে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং লুণ্ঠিত বন্দুকসহ মালামাল উদ্ধারের তৎপরতা চলছে। গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে৷
পুলিশ জানায়, উপজেলার সান্তাহার শহরের আনিকা পেট্রলপাম্পে গত রোববার ও কাশিপুর গ্রামে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ আলীর বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়৷ ডাকাতেরা পেট্রলপাম্পের সাড়ে আট লাখ টাকা ও আহম্মদ আলীর বাড়ি থেকে লাইসেন্স করা একটি একনলা বন্দুক, পাঁচটি গুলি, সোয়া চার ভরি ওজনের সোনার গয়না, নগদ ৩৫ হাজার টাকা ও মুঠোফোনের সেট লুট করে নিয়ে যায়। এ দুটি ঘটনায় ২৩ ও ২৬ জুন থানায় পৃথক দুটি মামলা হয়েছে৷