আদমদীঘিতে ধানখেতে পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত পোকার আক্রমণে বোরো ধানখেত নষ্ট হয়ে যাচ্ছে। এই পোকা পাকা ও আধা পাকা ধানের শিষের অংশসহ পাতা কেটে ফেলছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

উপজেলার দমদমা গ্রামের কৃষক বেলাল হোসেন ও শাহাদত হোসেনসহ কয়েকজন জানান, এক সপ্তাহ ধরে ধানখেতে এই পোকার আক্রমণ দেখা দিয়েছে। সান্তাহার ইউনিয়নের দমদমা, সান্দিড়া, করজবাড়ি, কায়েতপাড়াসহ অনেক গ্রামে পোকার আক্রমণে পাকা ধান নষ্ট হয়ে গেছে।

দমদমা গ্রামের কৃষক শাহাদত হোসেন জানান, পোকা ধানের শিষ থেকে ধান কেটে ফেলছে। পাশাপাশি ধানগাছের পাতাও কেটে নষ্ট করছে। কৃষক হেলাল উদ্দীন বলেন, সাধারণত রাতে এসব পোকার আক্রমণ ঘটছে। যে অংশে আক্রমণ করছে সেখানকার শিষে ধান থাকছে না।

সান্দিড়া গ্রামের আক্কাস আলী জানান, পোকার আক্রমণ ঠেকাতে কৃষকেরা ধানখেতে নানা ধরনের কীটনাশক ব্যবহার করছেন। কিন্তু কোনো কীটনাশকই কাজ করছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুতজ্জামান জানান, কৃষকেরা অজ্ঞাত পোকার কথা বললেও এটি শিষ কাটা লেদাপোকা। এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। লেদাপোকা দমনে কৃষি অফিস থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। যেমন আক্রান্ত জমিতে গাছের ডাল অথবা কঞ্চি পুঁতে দিতে হবে। তা ছাড়া জমিতে সাইথ্রিন, সাইপার, রেলোথ্রিন, রিপকড, সিমবুশ ও কটের যেকোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে অথবা সেভিন পাউডার প্রতি লিটার পানিতে তিন-চার গ্রাম হারে প্রয়োগ করতে হবে।