আদমদীঘিতে নববধূ এসিড সন্ত্রাসের শিকার
বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামে লাভলী খাতুন নামের এক নববধূ এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, যৌতুকের দাবিতে তাঁর স্বামী ফেরদৌস হোসেন গত শনিবার রাতে লাভলীর শরীরে এসিড নিক্ষেপ করেন। গুরুতর আহতাবস্থায় গৃহবধূকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গৃহবধূ লাভলীর শ্বশুর মমতাজ হোসেন ও শাশুড়ি আফরোজা বেগম।এজাহারে বলা হয়েছে, প্রায় এক মাস আগে রামপুরা গ্রামের ফেরদৌসের (২৬) সঙ্গে একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাভলীর (২০) বিয়ে হয়। বিয়ের পরপরই যৌতুকের দাবিতে লাভলীর ওপর নির্যাতন চালানো শুরু হয়। গত শনিবার হাত-পা বেঁধে লাভলীকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর শরীরে এসিড ঢেলে দেওয়া হয়। নির্যাতনের সময় লাভলীর শ্বশুর মমতাজ হোসেন ও শাশুড়ি আফরোজা বেগম ফেরদৌসকে সহযোগিতা করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম গতকাল সোমবার প্রথম আলোকে জানান, গৃহবধূ লাভলীর বুকের বাম পাশসহ শরীরের বেশ কিছু অংশ এসিডে ঝলসে গেছে।