আদমদীঘিতে নির্বাচন পরবর্তী সহিংসতা আহত ২০
বগুড়ার আদমদীঘিতে ১১ গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ২০ জন আহত হয়েছেন। এসব গ্রামে খড়ের গাদায় আগুন ও বসতঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ও গতকাল শুক্রবার এসব ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ডহরপুর গ্রামের আমজাদ হোসেন, ছোট জিনইরের আবদুর রহিম, বড় জিনইরের মারুফ, কালাইকুড়ীর মোফাজ্জল হোসেন, বাগবাড়ীর হোসেন আলী, অন্তাহারের মিলন, ছাতিনগ্রামের সাইদুল, বড় আখিড়ার জাহেদুর রহমান, শিহারীর শেফালী ও আনোয়ারা, নশরতপুরের রাজু আহম্মেদ ও বিহিগ্রামের আদম আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন উপজেলার মুরাদপুর গ্রামের মোজাফ্ফর আলীর বাড়িতে হামলা চালায়। তারা এ সময় তাঁর খড়ের গাদায় অগ্নিসংযোগ, শেরেকুলের গোয়ালঘর ভাঙচুর এবং আবেদ আলী ও তাঁর স্ত্রীকে মারধর করেন। গতকাল সকাল ১০টায় প্রতিপক্ষের লোকজন রামপুরা গ্রামের জাহাঙ্গীর মোল্লা, আবদুল মালেক, নারায়ণ পাল, ইব্রাহিম, মোজাম্মেল, এমদাদুল ও এমরানের বাড়িতে হামলা চালায়। তারা এ সময় ওই বাড়ির লোকজনকে মারধর করে এবং মালামাল ভাঙচুর করে। এ ছাড়াও উপজেলা সদরের গোরগ্রাম ও ডহরপুর গ্রামে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয় এবং উপজেলা বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত আওয়ামী লীগের পুরোনো কার্যালয় ভাঙচুর করা হয়েছে।