আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে পোনা নিধন
বগুড়ার আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে পোনা মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার গভীর রাতে উপজেলার নিমকুড়ি গ্রামের মাছ ব্যবসায়ী ফেরদৌস আলীর চারটি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে পোনাগুলো মরে যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ফেরদৌস আলী জানান, তিনি পুকুরগুলো ইজারা নিয়ে সেখানে রেণু থেকে পোনা উৎপাদন করে আসছেন। রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর চারটি পুকুরেই বিষ ঢেলে দেয়। সকালে তিনি দেখতে পান, পুকুরের রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির সব পোনা মরে ভেসে উঠেছে। ফেরদৌস দাবি করেন, মরে যাওয়া পোনার আনুমানিক দাম ১০ লাখ টাকা। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালাইকুড়ি গ্রামের মাছ ব্যবসায়ী হারুন-অর রশিদের একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করে দুর্বৃত্তরা।