আদমদীঘিতে বন্যা, দুই দিনে ২০ গ্রাম প্লাবিত
বগুড়ার আদমদীঘি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নওগাঁর ছোট যমুনা নদীর বেড়িবাঁধ ও আত্রাই-নওগাঁ সড়ক ভেঙে নদীর পানি আদমদীঘির রক্তদহ বিল এলাকায় প্রবেশ করে গত দুই দিনে উপজেলার প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুই দিনের বন্যায় উপজেলার আদমদীঘি ইউনিয়নের কদমা, করজবাড়ি, গনিপুর, রামপুরা, ময়ূর কাশিমিলা, জোড়পুকুরিয়া ও মণ্ডবপুরা, সান্তাহার ইউনিয়নের দমদমা, কাশিমিলা, প্রসাদখালী, সান্দিড়া, ছাতনী, ঢেকড়া ও ডাঙ্গাপাড়া এবং সান্তাহার পৌর এলাকার তারাপুর ও কাজীপুর গ্রামের বিস্তীর্ণ এলাকার জমির আমন ফসল পানিতে তলিয়ে গেছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকার ফসল তলিয়ে যাচ্ছে। বন্যার পানিতে ভেসে গেছে এলাকার কয়েকটি পুকুরের মাছ।
আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান বলেন, বন্যার পানিতে বিলের আশপাশের প্রায় এক হাজার হেক্টর জমির আমন ফসল তলিয়ে গেছে। বন্যায় উপজেলার আমন ফসলের বেশ ক্ষতি হয়েছে। বিল এলাকায় বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অন্যান্য ফসলের জমিও তলিয়ে যেতে পারে।