আদমদীঘিতে বন্যায় ভেসে গেছে ২৪৮টি পুকুরের মাছ
বগুড়ার আদমদীঘিতে বন্যার পানিতে ২৪৮টি পুকুরের প্রায় দুই কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে উপজেলার কয়েক শ মাছচাষি নিঃস্ব হয়ে পড়েছেন।
আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার কুন্ডু বলেন, এ পর্যন্ত বন্যার পানিতে উপজেলার ৩৪৭ বিঘা আয়তনের ২৪৮টি পুকুর ভেসে গেছে। বেশির ভাগ পুকুরে চাষ করা মাছ ছিল। এসব মাছের মধ্যে রেণু পোনা, মা-মাছসহ ছোট-বড় নানা প্রজাতির মাছ ছিল। বর্তমান বাজারমূল্য অনুযায়ী ভেসে যাওয়া মাছের মূল্য প্রায় ২ কোটি টাকা।
গত ২৩ আগস্ট নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর বাঁধ ভেঙে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী, ঢেকড়া, প্রান্নাথপুর, কেনলাপাড়া, পানলা, সান্দিড়া, দমদমা, আদমদীঘি সদর ইউনিয়নের করজবাড়ি, কদমা, রামপুরা, দক্ষিণ গনিপুর, ময়ূর কাশিমিলা এবং সান্তাহার পৌর এলাকার তারাপুর, কাজীপুরসহ প্রায় ২০টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে তলিয়ে যায় প্রায় ৩ হাজার হেক্টর আমন ধানখেত এবং পানিতে ভেসে যায় এসব এলাকার বেশির ভাগ পুকুরের মাছ।
আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাছ ব্যবসায়ী আবদুল মহিত তালুকদার বলেন, এ উপজেলার কয়েক হাজার মানুষ জীবন ও জীবিকার জন্য মাছ চাষের ওপর নির্ভরশীল। বন্যায় এসব মানুষের চরম ক্ষতি হয়েছে। তিনি মাছচাষিদের এই বিপদে সরকারকে পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।