আদমদীঘিতে বাঁধের বালু কেটে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে অবৈধভাবে বালু কেটে নিয়ে যাওয়ায় বাঁধটি হুমকির মুখে পড়েছে। স্থানীয় কতিপয় অসাধু বালু ব্যবসায়ী এ কাজে লিপ্ত রয়েছেন বলে অভিযোগে পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, বালু ব্যবসায়ীরা প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের গোড়া থেকে বালু কেটে নিয়ে যাচ্ছেন। এতে বাঁধ এবং বাঁধে লাগানো গাছগুলো হুমকিতে রয়েছে।জানা গেছে, উপজেলার সান্তাহার ইউনিয়নের নিম্নাঞ্চলে বর্ষার সময় বন্যার পানি থেকে ফসল রক্ষার জন্য ১৯৬৮ সালে ১০ কিলোমিটার দীর্ঘ এ বাঁধ নির্মাণ করা হয়। এ ছাড়া বাঁধের ওপর সামাজিক বনায়নের মাধ্যমে নানা প্রজাতির গাছ রোপণ করে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী। সম্প্রতি এলাকার কতিপয় বালু ব্যবসায়ী মোল্লাপুর মৌজার বোদলা নৌঘাট থেকে সাতটিকরীর মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের গোড়া থেকে বালু কেটে ট্রাক্টরে করে শহরে নিয়ে বিক্রি করছে। ফলে বর্ষা মৌসুমে ওই এলাকার বাঁধ ধসে ব্যাপক ফসলহানি এবং বাঁধের ওপরে গড়ে তোলা সবুজ বেষ্টনী বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে বাঁধ থেকে বালু কেটে নিয়ে বিক্রি করা প্রসঙ্গে বালু ব্যবসায়ী দুর্জয় হোসেন বলেন, তিনি বিল এলাকার জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে নিয়েছেন। বাঁধ থেকে মাটি কাটার বিষয়টি অস্বীকার করে সান্তাহার ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন বলেন, বাঁধ থেকে নয় ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কাটা হচ্ছে বলে তিনি জেনেছেন। তিনি বলেন, যদি কেউ বাঁধ থেকে মাটি কেটে থাকেন তাহলে তদন্তসাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।