আদমদীঘিতে বার্ড ফ্লু আক্রান্ত ৭৫০০ মুরগি নিধন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পৌওতা গ্রামে গত সোমবার রাতে বার্ড ফ্লু আক্রান্ত প্রায় সাড়ে সাত হাজার লেয়ার মুরগি ও সোয়া ছয় হাজার ডিম নিধন করা হয়েছে।জানা গেছে, ৩ মার্চ থেকে মা পোলট্রি খামারে মুরগি মরতে শুরু করে। গত এক সপ্তাহে খামারটিতে সাত হাজারেরও বেশি মুরগি মারা যায়। খামার মালিক আজাদুর রহমানের সন্দেহ হলে তিনি মরা মুরগির নমুনা আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠান। এরপর জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ পরীক্ষাগারেও নমুনা পাঠানো হয়। এতে বার্ড ফ্লু শনাক্ত হয়।সোমবার রাতে জেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম খান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হকের তত্ত্বাবধানে খামারের ওই মুরগি ও ডিম ধ্বংস করা হয়। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামারের মালিক দাবি করেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।