আদমদীঘিতে বিভিন্ন গুদাম থেকে সরবরাহ বন্ধ, শ্রমিকেরা বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধের কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি), খাদ্য সংরক্ষণ গুদাম সাইলো ও এলএসডি থেকে খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন গুদামে কর্মরত পাঁচ শতাধিক শ্রমিক।
অবরোধের কারণে উপজেলার আমন সংগ্রহ অভিযান বন্ধ রয়েছে। খাদ্য সরবরাহ বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকায় সরকারি ওএমএস প্রকল্প ও বিভিন্ন সংস্থার রেশনিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলার বিভিন্ন গুদামে ৩৭ হাজার ৮০৩ মেট্রিক টন চাল এবং চার হাজার ৮৪৫ মেট্রিক টন গম মজুত রয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, অবরোধের কারণে খাদ্যসামগ্রী বাইরে পাঠানো সম্ভব হচ্ছে না। চলতি আমন সংগ্রহ অভিযানে উপজেলায় দুই হাজার ৪০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত মাত্র ১০০ মেট্রিক টন চাল সংগ্রহ করা গেছে। অবরোধের কারণে চাল সংগ্রহ অভিযান ব্যাহত হচ্ছে।
সান্তাহার কেন্দ্রীয় খাদ্য গুদাম সূত্র জানায়, সেখানে চালের মজুত রয়েছে ৩৩ হাজার ২৫৮ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ২০ হাজার মেট্রিক টন চাল ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর জন্য চলাচলপত্র জারি হয়েছে। কিন্তু অবরোধের কারণে এগুলো পাঠানো সম্ভব হচ্ছে না।
খাদ্য বিভাগের একটি সূত্রে জানা গেছে, এসব চাল সরকারি ওএমএস কার্যক্রম, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সংস্থার রেশনিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। সরবরাহ বন্ধ থাকায় ওই সব কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সান্তাহার কেন্দ্রীয় খাদ্য গুদামের শ্রমিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন জোয়ারদার বলেন, কেন্দ্রীয় খাদ্য গুদামসহ উপজেলার বিভিন্ন গুদামে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। অবরোধের কারণে খাদ্য সরবরাহ বন্ধ থাকায় শ্রমিকদেরও কাজ বন্ধ। আর কাজ না থাকায় শ্রমিকেরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।