আদমদীঘিতে বোরোর চারা-সংকটের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ইরি-বোরো মৌসুমে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ইরি-বোরো ধানের বীজতলার বিপুল পরিমাণ চারা পচে গেছে। এ কারণে এই মৌসুমে এলাকায় ইরি-বোরো চারার সংকট দেখা দেওয়ার আশাঙ্কা রয়েছে।উপজেলা সদর, সান্তাহার, চাঁপাপুর, কুন্দগ্রাম, নশরৎপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বোরো ধানের অনেক চারা নষ্ট হয়ে গেছে। এতে এক দিকে যেমন কৃষকেরা চারার সংকটে পড়েছেন, অন্যদিকে চারা রোপণে বিলম্ব হচ্ছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এই মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে ১৩ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য প্রায় এক হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়। কিন্তু বীজ বপনের পর শুরু হয় শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা। এতে মরে যায় বিপুল পরিমাণ চারা। উপজেলায় সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু হয়। কিন্তু চারা মরে যাওয়ায় বেশির ভাগ এলাকায় কৃষকেরা চারা রোপণ শুরু করতে পারেননি। দমদমা গ্রামের কৃষক হেলাল উদ্দীন জানান, এবার তাঁর বীজতলায় চারা একটু বড় হতেই শুরু হয় শৈত্যপ্রবাহ। এতে লালচে হয়ে প্রায় দুই মণ ধানের চারা মরে গেছে। তাই তাঁকে আবার নতুন করে বীজ বপন করতে হয়েছে। এই চারা বড় হতে হতে রোপণের সময় পার হয়ে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, যাঁরা শৈত্যপ্রবাহের দুই সপ্তাহ আগে বীজতলায় বীজ ফেলেছেন, তাঁদের চারার কোনো ক্ষতি হবে না। নতুন করে যাঁরা বীজ ফেলেছেন, তাঁদের বীজতলায় থিওভিট নামের ছত্রাকনাশক ওষুধ স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। আর পূর্বপ্রস্তুতি হিসেবে বীজতলা রাতে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। অথবা রাতে চারাগুলো পানি দিয়ে ডুবিয়ে দিতে হবে।