আদমদীঘিতে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫
চালক ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় বগুড়ার আদমদীঘিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সান্তাহার পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি গ্রামের আশিফুল ইসলাম (২৫), গোনা গ্রামের বিকুল আহমেদ (২৫), রানীনগর বাজারের সুমন (২৫), বেতগাড়ী বাজারের এরশাদ হোসেন (৩০) ও আবাদপুকুর বাজারের খোকন মোল্লা (৩০)।সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজনসহ সাত ছিনতাইকারীর একটি সংঘবদ্ধ দল দু-এক দিন আগে দিনাজপুর যায়। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে তারা সান্তাহারে যাওয়ার নাম করে একটি নোভা মডেলের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১৪-৫০৯৪) ভাড়া করে। মাইক্রোবাসটি বিভিন্ন স্থানে ঘুরে রাত ১১টার দিকে সান্তাহার-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হেমতখালী নামক স্থানে পৌঁছালে যাত্রীবেশী ওই ছিনতাইকারী দলটি ধারালো অস্ত্রের মুখে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ নেয়। তারা চালক রফিকুল ইসলাম ও সহকারী মোশারফ হোসেনকে বেঁধে মাইক্রোবাসটি ছিনতাই করার চেষ্টা করে। একপর্যায়ে তাঁরা চিৎকার শুরু করলে সান্তাহার পুলিশ ফাঁড়ির টহল পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়।মিজানুর রহমান আরও জানান, পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার করে নিয়ে আসার পর চালক ও সহকারীর দেওয়া তথ্যমতে অভিযান শুরু করে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত সান্তাহার পৌর এলাকার খাড়ির ব্রিজ, রেলস্টেশন, নওগাঁর রানীনগর উপজেলা সদর এবং আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারী চক্রটির বাকি দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।সান্তাহারের পুলিশ বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা করেছে।