আদমদীঘিতে শিশু ও অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল শুক্রবার সকালে উপজেলার বেজার গ্রাম থেকে শাওন ইসলাম নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন পুলিশ উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া রক্তদহ বিল থেকে অজ্ঞাতনামা (৬০) একজন মহিলার লাশ উদ্ধার করেছে। শিশু হত্যায় জড়িত সন্দেহে পুলিশ তার মা শেফালী বেগম (২২) এবং আবদুল লতিফ (২৫) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার বেজার গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ও বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র শাওন সোমবার স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। শুক্রবার ভোরে গ্রামের লোকজন শাওনদের বাড়ির পাশের একটি খড়ের স্তূপে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, শিশুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।