আদমদীঘিতে শীতে মাছে মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতজনিত রোগে বগুড়ার আদমদীঘি উপজেলায় তিন শতাধিক পুকুর-জলাশয়ের মাছ মরে যাচ্ছে। বিশেষ করে পাঙাশ ও থাই কই মাছ মরছে বেশি।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলায় বাণিজ্যিক ও ব্যক্তিগত পর্যায়ে মাছ চাষ করা সাড়ে ছয় হাজারের মতো পুকুর-জলাশয় আছে। এর মধ্যে ৫০টির মতো হ্যাচারিসহ তিন শতাধিক পুকুর-জলাশয়ে পাঙাশ ও থাই কই চাষ করা হয়েছে। হ্যাচারির মালিকসহ উপজেলায় মৎস্য চাষির সংখ্যা প্রায় চার হাজার।গত শুক্রবার দুপুরে উপজেলার কালাইকুড়ি গ্রামের জিএম মৎস্য খামারে গিয়ে দেখা গেছে, ৩২টি পুকুরে পাঙাশ ও কই মাছ মরে পড়ে রয়েছে। এর মধ্যে কিছু মাছ পচে গেছে। অর্ধমৃত অনেক মাছ কাত-চিত হয়ে নড়াচড়ার চেষ্টা করছে। প্রায়ই সেগুলো মরে ভেসে উঠছে। কিছু মাছের গায়ে কালো কালো দাগ পড়েছে। উপজেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি ও জিএম মৎস্য খামারের মালিক আবদুল মোহিত তালুকদার জানান, তাঁর খামারে ৩৪টি পুকুরের ৩২টিতে প্রায় ছয় লাখ পাঙাশের পোনা ও তিন লাখ বড় জাতের পাঙাশ ছাড়া রয়েছে। গত তিন দিনে তাঁর চার লাখ পোনা ও ২৫ হাজার বড় পাঙাশ মাছ মরে গেছে। এতে তাঁর ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৎস্যচাষিদের সঙ্গে কথা জানা যায়, গত এক সপ্তাহে বিভিন্ন পুকুরের অন্তত পাঁচ কোটি টাকার মাছ মরে গেছে। মাছ বাঁচাতে সবাই মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা অব্যাহত থাকলে চাষিরা পুঁজি হারিয়ে পথে বসবেন। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রতন কুমার কুণ্ডু জানান, শীতজনিত রোগ বা কোল্ড স্ট্রোকে পাঙাশ ও থাই কই মাছে মড়ক ধরেছে। এ দুর্যোগ মোকাবিলার জন্য মাছচাষিদের তাঁদের পুকুরের পানির তাপমাত্রা বৃদ্ধি করাসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে।