আদমদীঘিতে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার ডুমুরী গ্রামে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে সোহেল ইবনে করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর বাবার বাড়িতে অবস্থানকালে শিরিন আক্তার (২৩) নামে ওই নারীর ওপর একদল সন্ত্রাসীসহ হামলা চালান সোহেল। নির্যাতনের একপর্যায়ে দুই পায়ের রগ কেটে ও গলায় ফাঁস লাগিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন শিরিনার বাবা আজিজার রহমান বাদী হয়ে সোহেলসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। অবশেষে ১৫ দিন পর গতকাল শনিবার আদমদীঘি থানা-পুলিশ ময়মনসিংহের নান্দাইল থেকে সোহেলকে গ্রেপ্তার করে। মামলা সূত্রে জানা গেছে, চলতি বছর ১৮ আগস্ট সোহেল-শিরিনের দাম্পত্য সম্পর্কের অবসান হয়। এর পর থেকে শিরিন আকতার তাঁর বাবার বাড়ি ডুমুরীগ্রাম থেকে আদমদীঘি সদরের রহিম উদ্দিন ডিগ্রি কলেজে পড়াশোনা চালিয়ে আসছিলেন। ১৩ ডিসেম্বর বিকেলে বাবা-মায়ের অবর্তমানে শিরিনা ও তাঁর ছোট ভাই মামুন বাড়িতে অবস্থান করছিলেন। বিকেলে এক যুবক বাড়ির দরজায় কড়া নাড়লে শিরিন দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে ওই যুবক তাঁর সঙ্গে আসা সন্ত্রাসীদের নিয়ে শিরিনকে টেনে ঘর থেকে বের করে শিরিনের ওপর নির্যাতন শুরু করে।