আদমদীঘিতে সারের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল ও অবরোধে বগুড়ার আদমদীঘি উপজেলায় সারের সংকট দেখা দেওয়ায় স্থানীয় কৃষকেরা বিপাকে পড়েছেন। সংকটের কারণে খোলাবাজারে প্রতি বস্তা সার ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সার সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও বাড়বে বলে ব্যবসায়ী ও ডিলাররা আশঙ্কা প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত পৌষ মাসের শেষ সপ্তাহ থেকে এ এলাকায় বোরো চাষ শুরু করেন কৃষকেরা। কিন্তু এ বছরের শুরুতেই সারসংকট তাঁদের ভাবিয়ে তুলেছে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল ও অবরোধ কর্মসূচি চলায় যানবাহন চলাচল বন্ধ থাকায় এ উপজেলার জন্য বরাদ্দ দেওয়া সার বগুড়া থেকে আনা যাচ্ছে না। তাই এলাকায় সারের সংকট দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে আরও জানা গেছে, সরকার প্রতি বস্তা ইউরিয়ার দাম ৮০০, ডাই অ্যামুনিয়াম ফসফেট (ডিআইপি) এক হাজার ৩৫০ ও মিউরেট অব পটাশ ৭৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সংকটের কারণে বাজারে বেশি দামে সার বিক্রি হচ্ছে।
গতকাল মঙ্গলবার উপজেলার নসরতপুর, সদর ও সান্তাহার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি বস্তা ইউরিয়া এক হাজার টাকা, ডিএপি এক হাজার ৬০০ টাকা এবং এমওপি সার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক খুচরা সার বিক্রেতার দোকানে কোনো সারই নেই।
সান্তাহার বাজারের খুচরা সার বিক্রেতা আবুল কালাম আযাদ বলেন, তাঁরা ডিলারদের কাছে থেকেই বেশি দামে সার কিনছেন। এ কারণে তাঁদের বেশি দামে সার বিক্রি করতে হচ্ছে। কাশিমিলা গ্রামের কৃষক মুকুল হোসেন জানান, তিনি কয়েক দিন আগে স্থানীয় বাজার থেকে এক বস্তা ইউরিয়া সার এক হাজার টাকায় কিনেছেন। উপজেলার করজবাড়ী গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, তাঁর বেশির ভাগ জমি বিল এলাকায়। তাই তাঁদের আগাম ধান রোপণ করতে হয়। কিন্তু সার না পাওয়ায় সময়মতো জমিতে ধানের চারা লাগাতে পারেননি।
আদমদীঘি উপজেলা সার ডিলার সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, অবরোধ ও হরতালের কারণে তাঁরা বগুড়া বাফার গুদাম থেকে সার আনতে পারছেন না। ঝুঁকি নিয়ে দু-এক ট্রাক সার আনলেও ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে চার গুণ বেশি দিতে হচ্ছে। এসব কারণে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করা সম্ভব হচ্ছে না। তিনি কৃষকদের কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থায় সার পরিবহনে সরকারের সহায়তা কামনা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুত জামান জানান, ডিসেম্বর মাসে এ উপজেলায় ৮০০ টন ইউরিয়া বরাদ্দ করা হয়েছিল। হরতাল ও অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় ১৭০ টন পৌঁছেছে। এ কারণে চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় বাজারে বেশি দামে সার বিক্রি হচ্ছে।