আদমদীঘিতে সোনালী ব্যাংকে লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি
সোনালী ব্যাংকের বগুড়ার আদমদীঘি শাখায় সুড়ঙ্গ কেটে ভেতরে ঢুকে ৩০ লাখ টাকা লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের পক্ষ থেকে আজ রোববার কমিটি দুটি করা হয়।
এ ছাড়া এ ঘটনায় আজ সকালে সোনালী ব্যাংকের বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক আবদুস সামাদ বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।
আবদুস সামাদ প্রথম আলোকে জানান, আদমদীঘি শাখার ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় সোনালী ব্যাংকের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আফজাল হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আজ থেকে কাজ শুরু করেছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তিন সদস্যের আরেকটি কমিটিও তদন্ত শুরু করেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানিয়েছেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত খুরশিদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।