আদমদীঘিতে ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড
বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য বিক্রি, সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চার নারীসহ ১২ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুরের ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার এ সাজা দেন।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজামেঞ্চল হক জানান, সান্তাহার জংশন ও এর আশপাশের এলাকা থেকে শুক্রবার রাতে মাদকদ্রব্য বিক্রি, সেবন ও অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ১২ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে নূপুর (১৮), মাহমুদা (১৯), সালমা খাতুন (২০), রুবি খাতুন (৪৮) ও শাহাজালালকে (২৮) ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় গোলাম মোস্তফা (৩৭), বাবু (৪২), আবু সাইদ (৪৮), রিমন (১৮), রাকিব (১৮), তৌফিক (১৮) ও জুয়েলকে (৩৩) এক হাজার টাকা করে জরিমানা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।