আদমদীঘির আ.লীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের নেতা আনছার আলী মৃধার বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। গত ৮ জুন দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের একটি চিঠি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোমতাজ উদ্দীনের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন এবং আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পর আনছার আলী মৃধা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আওয়ামী লীগের মনোনয়ন পান গোলাম মওলা। নির্বাচনে তিনি মাত্র ২৫ হাজার ভোট পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। বিএনপিদলীয় বর্তমান সাংসদ আবদুল মোমিন তালুকদার নির্বাচিত হন। নির্বাচনের পর আনছার আলী মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়।