আদমদীঘির ১০ সড়ক যান চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-জয়পুরহাট, সান্তাহার-রানীনগর, চাঁপাপুর-চৌমুহনীসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সড়ক বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।মঠপুকুরিয়া গ্রামের মাদ্রাসাশিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘নসরতপুর রাস্তায় মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে গিয়ে গর্তে পড়ে আমি কয়েকবার আহত হয়েছি।’ চৌমুহনী রাস্তার অটো টেম্পোর চালক কোরবান আলী বলেন, ‘গর্তে পড়ে একাধিকবার আমার টেম্পো নষ্ট হয়েছে।’জানা গেছে, উপজেলার সান্তাহার-জয়পুরহাট, সান্তাহার-রানীনগর, আদমদীঘি-আবাদপুকুর, আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনী, মুরইল-শাওইল, রায়কালী-মুরইল, নসরতপুর-বিহিগ্রাম, আদমদীঘি-শিয়ালসন-কোমারপুর, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম ও কুন্দ্রগ্রাম-শিববাটি-নসরতপুর—এই ১০টি সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এসব সড়কে প্রতিদিন কয়েক শ বাস-ট্রাকসহ নানা যানবাহন চলাচল করে থাকে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের প্রায় তিন কিলোমিটার অংশের একাধিক স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষাকাল শুরুর সঙ্গে সঙ্গে এই রাস্তায় ভারী যান চলাচল প্রায় ১৫ দিন বন্ধ ছিল। পরে ইট-খোয়া ফেলে কোনোমতে যানবাহন চলাচলের উপযোগী করা হয়। স্থানীয় সাংসদ আবদুর মোমেন তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য একাধিকবার ডিও লেটার দিয়েছি; কিন্তু কোনো কাজ হচ্ছে না।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী গোলাম মোরশেদ বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী শীত মৌসুমের মধ্যেই রাস্তাগুলো মেরামত করা হবে বলে আশা করছি।