আদমশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে মার্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনার কাজ শুরু হবে ২০১১ সালের মার্চে। জাতীয় সংসদে শিগগিরই এ ঘোষণা দেওয়া হবে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।চলতি অর্থবছরের বাজেটে ‘আদমশুমারি ও গৃহগণনা-২০১১’ শিরোনামে প্রকল্পে এক হাজার ৬৫৩ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মোট ব্যয়ের মধ্যে ৮৫৮ কোটি ৫৭ লাখ টাকার সংস্থান হবে সরকারি কোষাগার থেকে। বাকি ৭৯৫ কোটি ২৫ লাখ টাকার উৎস প্রকল্প সাহায্য। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা পরিকল্পনা কমিশন।আগামী আদমশুমারির জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। এ জন্য পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি), বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বিবিএসের জিআইএস ম্যাপ্স ও কৃষিশুমারি প্রকল্প থেকে প্রতিনিধি নিয়ে শুমারি প্রচারণা-সংক্রান্ত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে ওই কমিটির তিনটি সভা।সূত্র জানায়, শুমারির প্রচারণার জন্য একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ জন্য টেলিভিশন, পত্রিকা ও বেতার মিলে ২৩টি গণমাধ্যমে প্রচারণা চালানোর ব্যাপারে মত পাওয়া গেছে।আদমশুমারি ও গৃহগণনা-২০১১ প্রকল্পের প্রকল্প পরিচালক অসীম কুমার দে প্রথম আলোকে বলেন, সার্বিক প্রচারণার জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হওয়ার পর আশা করা যাচ্ছে, আগামী মাসের শেষ দিকে শুমারির প্রচারণার কাজ শুরু করা যাবে। জনগণকে অবহিত করতে আগে থেকেই বিটিভি ও বাংলাদেশ বেতারে শুমারি-সংক্রান্ত স্লোগান প্রচার করা হবে বলে জানান তিনি।আদমশুমারি ও গৃহগণনা প্রকল্পের শুমারি পরামর্শক মো. হামিদুল হক ভূঞা বলেন, ‘আগামী বছরের একই সময়ে ভারতেও আদমশুমারি হবে। এ জন্য ভারতীয় টেলিভিশনে একটি ছোট স্লোগান প্রচারিত হচ্ছে। আমরাও সে রকম চিন্তা করছি।’