আদমশুমারিতে আদিবাসীদের সম্পৃক্ত করার দাবি
আগামী ২০১১ সালের আদমশুমারিতে আদিবাসীদের সঠিক তথ্য সংগ্রহ করার জন্য এলাকার আদিবাসী গোত্রপ্রধান বা সমাজপ্রধানকে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় আদমশুমারি ২০১১: আদিবাসীদের জাতিসত্তাভিত্তিক সংখ্যা নিরুপণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তাঁরা এ দাবি জানান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) এ সভার আয়োজন করে। আদিবাসী নেতারা অভিযোগ করেন, ২০০১ সালের আদমশুমারিতে আদিবাসীদের সঠিক তথ্য নেই।পার্বত্য চট্টগ্রাম শরণার্থী প্রত্যাগমন ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, আদমশুমারির সময় পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় হেডম্যান ও কারবারিদের সম্পৃক্ত করতে পারলে আদিবাসীদের সঠিক তথ্য বেরিয়ে আসবে। আরডিসির সভাপতি এইচ কে এস আরেফিন বলেন, আদমশুমারি শুধু সংখ্যা জানার বিষয় নয়। তাতে সাংস্কৃতিক তথ্যও সংযোজন করা প্রয়োজন। অনুষ্ঠানের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী বলেন, বাংলাদেশে অনেক জাতির বসবাস আদমশুমারিতে এই দর্শন থাকা দরকার।