ভোটার তালিকায় নাম থাকলেও আদমশুমারি থেকে বাদ পড়েছে ৬০ থেকে ৭০ লাখ দলিত সম্প্রদায়। জনসংখ্যাসংক্রান্ত পরিসংখ্যান বইতে নাম বা হিসাব নেই দেশের এই সংখ্যালঘু জনগোষ্ঠীর।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সেমিনার হলে বেসরকারি প্রতিষ্ঠান শারি আয়োজিত ‘বাংলাদেশ থেকে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায় হারিয়ে যাচ্ছে’ শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। সরকারের পরিসংখ্যান বিভাগ আদমশুমারি পরিচালনা করে থাকে।শারির হয়ে এ-সংক্রান্ত জরিপ পরিচালনা করেন অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত। তিনি জানান, শারি সারা দেশের সাতটি বিভাগের সাত উপজেলার ৬১টি ইউনিয়নে জরিপ চালিয়েছে। এতে দেখা গেছে, ৬০ থেকে ৭০ লাখ সংখ্যালঘু মানুষকে আদমশুমারির আওতায় আনা হয়নি। অথচ ভোটার তালিকায় এসব মানুষের নাম আছে।আবুল বারাকাত জানান, পরিসংখ্যান বইতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের হিসাব থাকলেও দলিতদের হিসাব নেই। তিনি দলিতদের সাংবিধানিক স্বীকৃতি, বাজেটে তাদের জন্য আলাদা বরাদ্দ এবং সিটি করপোরেশন ও পৌরসভায় তাদের চাকরি স্থায়ী করার দাবি জানান।সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি গোলাম রাব্বানী বলেন, সংবিধানে সবার জন্য বাধ্যতামূলক ও একক গণমুখী শিক্ষার কথা বলা আছে। এই বিধান বাস্তবায়ন করা হলে দলিতরা অনেকাংশেই তাদের সম্মান ফিরে পাবে।বিশেষ অতিথি সাংবাদিক আবেদ খান বলেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদেরা চোখ দিয়ে সমস্যা দেখেন না, কান দিয়ে দেখার চেষ্টা করছেন। সে জন্য দলিত সম্প্রদায়ের মানুষ বছরের পর বছর ধরে নিষ্পেষিত হচ্ছে।’ সেমিনারে বক্তব্য দেন শারির নির্বাহী পরিচালক প্রিয়বালা বিশ্বাস, দলিত পঞ্চায়েত ফোরামের সাধারণ সম্পাদক রাজকুমার দাস, হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মলচন্দ্র দাস প্রমুখ।