আদমশুমারির প্রতিবেদন প্রকাশের পর সংসদীয় আসনের সীমানা বিন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুন মাসে আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল সোমবার তাঁর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, সীমানা বিন্যাসের ব্যাপারে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে বর্তমান কমিশনের দ্বিমত নেই। কমিশন গত ফেব্রুয়ারিতে সংসদীয় আসনের সীমানা বিন্যাসের জন্য নতুন আইন করার প্রস্তাব করে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। এ বিষয়ে বর্তমান কমিশনের মতামত চেয়ে নথিটি কমিশন সচিবালয়ে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।প্রস্তাবিত নতুন আইনে বলা হয়েছে, পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে একটি করে আসন থাকবে। ঢাকা মহানগরের আসন ১০টিতে সীমাবদ্ধ থাকবে। বাকি ২৮৭টি আসন ৬১ জেলায় ভাগ হবে। তবে প্রতিটি জেলায় কমপক্ষে দুটি করে আসন থাকবে।বিদ্যমান আইন অনুযায়ী তিন পার্বত্য জেলায় একটি করে আসন থাকবে। বাকি ২৯৭টি আসন জনসংখ্যার ভিত্তিতে ৬১ জেলায় ভাগ হবে। কমিশন মনে করে, এই আইন বহাল থাকলে ঢাকা মহানগরের আসন বেড়ে যাবে। এতে অন্যান্য জেলার আসন কমে যাবে। বর্তমানে ঢাকায় ২০টি আসন রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় রয়েছে ১৫টি আসন।