আদমশুমারির প্রশিক্ষণ ভাতা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার বিরুদ্ধে আদমশুমারি ২০১১-এর গণনাকারীদের প্রশিক্ষণ ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গণনাকারী হিসেবে নিয়োগ পাওয়া লোকজন এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার ১০টি ইউনিয়নসহ পৌরসভার ১১টি কেন্দ্রে ৫ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ৫২৭ জন গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যেক কেন্দ্রে তিন দিনব্যাপী প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মাথাপিছু প্রতিদিন ২০০ টাকা করে ভাতা দেওয়ার নিয়ম। কিন্তু তিন দিনের প্রশিক্ষণ শেষে তাঁদের ১০০ থেকে ১৫০ টাকা করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভাতার টাকা দাবি করলে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইউসুফ নাসিম আবেদীন ভাতার টাকা অন্য খাতে ব্যয় করা হয়েছে বলে জানান। ইউসুফ নাসিম আবেদীনের কাছে ভাতার টাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।বরগুনা ভারপ্রাপ্ত জেলা পরিসংখ্যান কর্মকর্তা আতিকুর রহমান জানান, আমতলী উপজেলায় গণনাকারীদের ভাতা প্রদানে অনিয়মের বিষয়টি তিনি বরগুনায় আদমশুমারির কাজে অবস্থানরত পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মিজানুর রহমান খন্দকারকে জানিয়েছেন। আমতলীর ইউএনও মুহাম্মদ মশিউর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।