আদরকে আদর করার কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট শিশু আদরকে আদর করার আর কেউ নেই। মা কনিকা আক্তার খুন হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক বাবা আলী হোসেন। পুলিশ তাঁকে খুঁজছে। সব হারিয়ে এখন নানা-নানির কাছে রয়েছে ১৪ মাসের জান্নাতুল ইসলাম আদর।পুলিশ জানিয়েছে, রাজধানীর ২১ পূর্ব গোড়ানের ভাড়া বাসায় স্বামীসহ থাকতেন কনিকা। গত রোববার রাতে কোনো একসময় এ বাসাতেই কনিকাকে (২০) শ্বাসরোধ করে খুন করেন আলী হোসেন। এরপর সোমবার সকালে আদরকে ৫২ উত্তর গোড়ানে তার নানি নাসিমা বেগমের কাছে রেখে আসেন আলী হোসেন। তখনো নাসিমা বেগম জানতেন না তাঁর মেয়ে আর নেই। সোমবার দুপুরে ঘরের দরজা ভেঙে কনিকার লাশ উদ্ধার করে পুলিশ।কনিকা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, বালিশ চাপা দিয়ে ও মোটা সুতা (কাইতন) গলায় পেঁচিয়ে কনিকাকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ।গতকালও ৫২ উত্তর গোড়ানের বাসাটিতে ছিল শোক আর বিলাপ। আদরকে কোলে নিয়ে, কনিকার ছবি বুকে জড়িয়ে বিলাপ করছিলেন তাঁর বাবা-মা আর ভাই-বোনেরা। কনিকার মা নাসিমা বলেন, আদরের মাও গেল, বাবাও গেল। যে আদরকে ঘিরেই ছিল কনিকার সব চিন্তা, সেই আদর এখন সম্পূর্ণ একা। নাসিমা বলেন, আলী হোসেন কাজ করত না বলে কনিকা মাঝেমধ্যে তাকে বকত। বলত আদরের জন্য হলেও তো টাকা-পয়সার প্রয়োজন। আদর বড় হচ্ছে। এখন তার কী হবে।