আদর্শ ওষুধের দোকান করার উদ্যোগ
ওষুধ বিক্রির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ওষুধের যৌক্তিক ব্যবহার বাড়ানোর লক্ষ্যে আদর্শ ফার্মেসি তৈরির উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার এ রকম দুটি ব্যক্তি মালিকানাধীন ফার্মেসির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একটি রাজধানীর কলাবাগানের লাজ ফার্মা, অন্যটি পান্থপথের বায়োবেড ফার্মা।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানিয়েছে, ওষুধের দোকানের উন্নত ব্যবস্থাপনা এ উদ্যোগের মূল লক্ষ্য। আদর্শ এসব ওষুধের দোকানের আয়তন হবে কমপক্ষে ৩০০ বর্গফুট। এগুলো পরিচালনা করবে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী ফার্মাসিস্ট। এসব দোকানে সরকার নির্দেশিত কিছু ওষুধ ছাড়া অন্য সব ওষুধ ব্যবস্থাপত্র দেখিয়ে কিনতে হবে। বিক্রেতা রোগী বা তার স্বজনকে ওষুধ খাওয়া বা ব্যবহারবিধি বুঝিয়ে দেবেন।
ফার্মাসিস্টদের অ্যাপ্রোন পরা বাধ্যতামূলক করা হয়েছে। বিক্রি ওষুধের তথ্য সংরক্ষণ করা হবে এসব দোকানে। এ ছাড়া অধিদপ্তরের নির্দেশনা মেনে ওষুধ মজুত করতে হবে।
অধিদপ্তর একটি দিশারি প্রকল্পের আওতায় এই আদর্শ ফার্মেসি তৈরিতে সহায়তা করছে। ইতিমধ্যে ২৭ জন স্নাতক ফার্মাসিস্টকে এক সপ্তাহের আবাসিক প্রশিক্ষণ দিয়েছে অধিদপ্তর। আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য রাজধানীর ৩০টি ফার্মেসির তালিকা করেছে অধিদপ্তর। প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার ফার্মেসিকে আদর্শ হতে সহায়তা করবে অধিদপ্তর।